একাত্তরের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্য়ুদন্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিলের রায় আজ ঘোষনা করবে সুপ্রিমকোর্ট।
আজ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় রায় ঘোষনার জন্যে এক নম্বরে রয়েছে মামলাটি।
রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে গত ১০ জুলাই এ আপিল মামলা রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। এই আপিল বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি মো. নুরুজ্জামান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসা এটি অষ্টম মামলা, যা রায়ের পর্যায়ে এল।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরধ ট্রাইব্যুনালে আজহারের মৃত্যুদণ্ডের রায় আসে ২০১৪ সালে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন দণ্ডিত এই যুদ্ধাপরাধী।
এরপর ২০১৭ সালের ১৩ অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়।
ওই বছর ১০ অক্টেবর আপিলের ওপর শুনানি শুরুর কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর গত ১৮ জুন সর্বোচ্চ আদালতে এ মামলার শুনানি শুরু হয়। যুক্তি উপস্থাপন শেষে ১০ জুলাই আপিল মামলাটি রায়ের পর্যায়ে আসে।
জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মাহবুবে আলম সেদিন সাংবাদিকদের বলেন, “আমি শুনানিতে বলেছি, ট্রাইব্যুনাল সমস্ত সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য নথিপত্র বিচার বিশ্লেষণ করেই মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। তাই ট্রাইব্যুনালের সে সাজায় হস্তক্ষেপের কোনো কারণ নেই। আমি আশা করি, ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়টিই আপিল বিভাগ বহাল রাখবেন।”
এম বিল্লাহ





