পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ১০৭ উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
আজ (৩১ মার্চ) রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব, আনসার, এপিবিএন বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০টি উপজেলা ঝুঁকিপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে কমিশন। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ৫০টি উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
চতুর্থ ধাপে ১০৭টি উপজেলা নির্বাচনে ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮৪টি উপজেলায় ২৯২ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০০ উপজেলায় ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯৬ উপজেলায় ৩৬৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এইসব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ কোটির বেশি এবং কেন্দ্রের সংখ্যা সাড়ে ৮ হাজার।
চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া, আগের ৩ ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুডা উপজেলার নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া এবং নোয়াখালীর কবির হাটের নির্বাচন সহিংসতার আশঙ্কায় ইসি স্থগিত করেছে। এছাড়া, ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ভোট হচ্ছে না। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে ১০৭ উপজেলায়।
যেসব উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সেসব উপজেলা হলো- ভোলা জেলার ভোলা সদর, মনপুরা ও চরফ্যাশন, যশোরের শার্শা, ময়মনসিংহের গফরগাঁও, ঢাকার সাভার, কেরাণীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবীদ্বার, চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ফেনীর পরশুরাম।
যেসব উপজেলায় ভোটগ্রহণ হয়েছে-
পটুয়াখালী জেলার সদর, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকী ও বাউফল উপজেলা; ভোলা জেলার দৌলতখান, তজুমদ্দিন ও লালমোহন উপজেলা; বরগুনা জেলার সদর, আমতলী, বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা; পিরোজপুর জেলার সদর, ইন্দুরকানী, কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ ও নাজিরপুর উপজেলা।
যশোর জেলার সদর, বাঘারপাড়া, ঝিকরগাছা, চৌগাছা, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা; খুলনা জেলার দিঘলিয়া, কয়রা, দাকোপ, পাইকগাছা, রুপসা, তেরখাদা, ফুলতলা ও বটিয়াঘাটা উপজেলা; বাগেরহাট জেলার সদর, মোংলা, মোরেলগঞ্জ, চিতলমারী, কচুয়া, রামপাল, ফকিরহাট, মোল্লাহাট ও শরণখোলা উপজেলা।
ময়মনসিংহ জেলার সদর, হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়ীয়া, গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা ও ভালুকা উপজেলা; নরসিংদী জেলার সদর; মুন্সীগঞ্জ জেলার সদর, সিরাজদিখান, লৌহজং, শ্রীনগর, টঙ্গিবাড়ী ও গজারিয়া উপজেলা; নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা; ঢাকা জেলার ধামরাই, দোহার ও নবাবগঞ্জ উপজেলা; টাঙ্গাইল জেলার সদর, ধনবাড়ী, মধুপুর, মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর, ঘাটাইল, ভূঞাপুর, কালিহাতী, গোপালপুর, বাসাইল ও সখিপুর উপজেলা।
কুমিল্লা জেলার তিতাস, চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মেঘনা ও হোমনা উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, সুবর্ণচর ও চাটখিল উপজেলা; ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, সরাইল, আখাউড়া, আশুগঞ্জ, নাসিরনগর ও নবীনগর উপজেলা; ফেনী জেলার সদর, ফুলগাজী, সোনাগাজী ও দাগণভূঁঞা উপজেলা; কক্সবাজার ও দিনাজপুর জেলার সদর; গাইবান্ধার গোবিন্দগঞ্জ; কুড়িগ্রামের ফুলবাড়ী এবং চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা।
এমবি





