পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন,সন্ত্রাস উন্নয়নের প্রধান অন্তরায়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু।

পেট্রোল বোমায় মানুষ হত্যাকারী ও নাশকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে। যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করছে তারা কেউ ক্ষমা পাবে না। দেশের আইন-শৃংঙ্খলা বাহিনী তাদের আইনের মাধ্যমে শক্ত হাতে দমন করবে।

বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে গণসচেতনতা মূলক এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার প্রলয় চিসিমের সভাপতিত্বে আমলা বাজারে গণসচেতনতা মূলক পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায়  বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল জাবেদ সুলতান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দিদার আহম্মদ, খন্দকার রফিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।

এসএইচ