সুনামগঞ্জের ছাতক উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র মির্জাপুর গ্রামের ওয়ারিশ আলীর ছেলে জসিম উদ্দিন (১৭)।

ছাতক থানা-পুলিশের ভাষ্য, সকালে বাড়ির পাশের জমিতে ধানের খড় শুকানো নিয়ে মির্জাপুর গ্রামের লিয়াকত আলী ও ইদ্রিস আলীর পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিয়াকত আলীর ভাগনে জসিম উদ্দিনের মৃত্যু হয়। জসিম এবার এসএসসি পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় ছিল।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই