সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একই সময় কর্মসূচি দেয়ায় প্রশাসন এমন সিদ্ধান্ত নেয়।

সোমবার সন্ধ্যা ৬ পর্যন্ত ঐ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রোববার রাতে ১৪৪ ধারা জারি করেন।

উল্লেখ্য বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরী সোমাবার সকাল ১০টা থেকে ৩৫ কিলোমিটার গণ পদযাত্রা কর্মসূচির আয়োজন করা কথা ছিল। এই উপলক্ষে উপজেলা বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবকদল কৃষকদল শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণপদযাত্রা ব্যাপক গণসংযোগ করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ১৪৪ ধারা জারি করেন।

ফলে ধর্মপাশায় সকল প্রকার মিছিল সমাবশে গণ জমায়েতসহ সব রাজনৈতিক কার্যক্রম ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

ইতিমধ্যে ধর্মপাশা সদরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোন ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. রফিক চৌধুরী সরকার বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি পালনে বাধা দিতে অন্যায় ভাবে ১৪৪ ধারা জারি করেছে। আমরা অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছি।’

এমকে