উখিয়া-টেকনাফের এমপি আবদুর রহমান বদিকে বরণ করতে ও সংবর্ধনা দিতে সীমান্ত শহর উখিয়া এবং  টেকনাফের সর্বত্র সাজ সাজ রব চলছে। তার আগমন উপলক্ষে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা  টেকনাফ-উখিয়া।

আগামীকাল মঙ্গলবার বিকালে টেকনাফে তাকে গণসংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষদের মাঝে নতুন করে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। এমনকি যারা এতদিন এমপি বদির মুক্তি কর্মকাণ্ডে শামিল ছিলেন না, তাদেরকেও এখন মহাব্যস্ত ও প্রথম সারিতে দেখা যাচ্ছে।

টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি বদির মুক্তি আন্দোলনের সমন্বয়ক  মো. আলম বাহাদুর জানান- টেকনাফ উপজেলার কেরুনতলী থেকে টেকনাফ পর্যন্ত প্রধান সড়কে ১১১টি তোরণ নির্মাণের প্রস্তুতি চলছে। শুধু টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া থেকে টেকনাফ বাস স্টেশনের আওয়ামী লীগের অফিস পর্যন্ত নির্মিত হয়েছে ৪০টি তোরণ।

তিনি আরও জানান- এমপি আবদুর রহমান বদি সিআইপি ৪ই নভেম্বর সকাল ১১টায় অভ্যন্তরীণ বিমানযোগে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বের হয়ে কক্সবাজার জেলা পর্যায়ের দলীয়  নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা সভায় যোগ দেবেন। এরপর সড়ক পথে টেকনাফ আসার পথে উখিয়ার  কোটবাজারে উখিয়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও সর্বস্তরের মানুষের দেয়া গণসংবর্ধনা সভায় অংশ নেবেন তিনি।

এ ছাড়া বিকালে টেকনাফ উপজেলা গণসংবর্ধনা সভায় যোগ দেবেন বদি।  টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ জানান- চার শতাধিক বিভিন্ন প্রকারের গাড়ির বহর নিয়ে মঙ্গলবার সকালে টেকনাফ থেকে কক্সবাজার বিমান বন্দরে গিয়ে এমপি বদিকে বরণ করা হবে।

এমপি আবদুর রহমান বদি গত ১২ অক্টোবর দুদকের করা মামলায় আত্মসমর্পন করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন এবং ১৯ দিন করাভোগের পর ছয় মাসের জামিনে মুক্তি পান বদি।

জেআই