বরিশালের গৌরনদীতে যৌতুক না পেয়ে ফাতেমা আক্তার নামে এক গৃহবধূকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) নির্যাতিতা গৃহবধূ ফাতেমা আক্তার বাদী হয়ে স্বামী শাহীন আকন ও শাশুড়ি শামসুন্নাহার বেগমকে আসামি করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে শাহীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং শাশুড়ির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী আতিকুর রহমান জুয়েল মামলার বরাত দিয়ে জানান, চলতি বছরের ১০ জানুয়ারি গৌরনদীর বাহাদুরপুরের ফারুক সিকদারের মেয়ে ফাতেমার সঙ্গে অধুনা গ্রামের শাহজাহানের ছেলে শাহীনের বিয়ে হয়।
বিয়ের কয়েকদিন পর থেকে ফাতেমার কাছে বিদেশ যাওয়ার নাম করে লাখ টাকা যৌতুক দাবি করে শাহীন ও তার পরিবার।
টাকা দিতে অপারগতা জানালে গত ৮ মে শাহিন ও শ্বশুরবাড়ির লোকজন ফাতেমার মুখ বেঁধে নির্যাতন চালায় এবং মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়।
খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে সুস্থ হয়ে ফাতেমা মামলাটি দায়ের করে।
এমআইএস





