রানা প্লাজা ধ্বসের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ, উপযুক্ত ক্ষতিপূরণ এবং ধ্বংসস্তুপে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের ব্যানারে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, রানা প্লাজা ধ্বসের ঘটনায় কিছু কিছু এনজিও আমাদের শ্রমিকদের নাম, ঠিকানা সংগ্রহ করে বিদেশ থেকে কোটি কোটি এনে লুটপাট করে খাচ্ছেন। মাঝে মধ্যে ১০-১৫ জন শ্রমিককে নামমাত্র সহায়তা প্রদান এবং কাউকে একটি করে সেলাই মেশিন দিয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
বক্তারা সরকারকে উদ্দেশ্য করে অবিলম্বে রানা প্লাজা ধ্বসে নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত সহায়তা প্রদান এবং ধ্বংসস্তুপে পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানান।
অন্যথায় আগামী ১০ ফেব্রুয়ারি জেলা প্রসাশকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
[b]সাভার,২৩ জানুয়ারি (টাইম নিউজ বিডি)/এএইচ[/b]