আকস্মিক ঝড়ের কবলে পড়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলা হাটে রমজান আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার বিকালে ১৫ মিনিট স্থায়ীর এই ঝড়ে কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙ্গে ওপরে পড়লে নিহত হন তিনি।

এ সময় সেখানকার জুতা ব্যবসায়ী ও পথচারী কৃষি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।

তারা হলেন- জুতা ব্যবসায়ী ওই উপজেলার শ্রীধরনগর এলাকার মৃত হোসেন আলী শিকদারের ছেলে হুরমত আলী শিকদার (৫৫) ও কৃষি শ্রমিক বগুড়া সদর উপজেলার বিলকাহলি গ্রামের জুরান মন্ডলের ছেলে আনোয়ার মন্ডল (৪০)।

আর রমজান ওই উপজেলার সিদুনগর গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে।

এছাড়াও, এই ঝড়ে জেলার বিভিন্ন স্থানে কিছু আধা-পাকা ঘর বিধ্বস্ত ও অনেক গাছপালা ভেঙ্গে পড়েছে।

স্থানীয় ও নিহতদের স্বজনরা জানায়, সকালে ঘিওর হাটে সাংসারিক কেনা-কাটা করতে যান রমজান। আনোয়ারও আসেন হাটে। আর হুরমত হাটের ঘিওর উপজেলা ভূমি কার্যালয়ের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে জুতা বিক্রি করছিলেন।

বিকাল তিনটার দিকে রমজান ও আনোয়ার বাড়ি ফেরার পথে ঝড় শুরু হয়। এ সময় ওই গাছের বড় একটি ডাল ভেঙ্গে তাদের ওপর পড়ে। এতে আহত হলে স্থানীয়রা পর্যায়ক্রমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পৃত্থীস কুমার দত্ত জানান, আনোয়ার ও হুরমতকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কামুক্ত তারা।

এদিকে, এই দুর্ঘটনার খবর পেয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিন হাতাহতদের দেখতে যান।

এমআর