শেরপুরের নকলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নকলা উপজেলার বারোমাইসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্ররা হলেন- নকলার হাসনখিলার আব্দুল হাকিমের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র মারূফ মিয়া (১৩) এবং বরোমাইসার সেলিম মিয়ার ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র হামিদুল ইসলাম (১৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন শাহ জানান, দুপুর ১২টার দিকে দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও বারোমাইসা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র মারূফ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় হামিদুলকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ ট্রাকের হেলপার মো. ফরহাদ আলী এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এমবি





