রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকার প্রার্থনা করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
শুক্রবার সকালে ঢাকেশ্বরীতে পূজা দিয়ে নাট মন্দিরের সামনে গিয়ে এ প্রার্থনা করেন তিনি।
ভক্তদের উদ্দেশ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্ক আরো জোরালো হবে। দু’দেশের মধ্যে যেসব বাধা-বিপত্তি তা দূর করতে আমরা চেষ্টা চালিয়ে যাবো। খোলা মন নিয়ে বাংলাদেশে এসেছি। কোনো ভুল বোঝাবুঝি থাকবে না।
গত কয়েকবছর ধরে বাংলাদেশ-ভারত খুবই মজবুত সম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, আশা করছি ভবিষ্যতেও তা অটুট থাকবে। আমাদের এ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ।
তিনি আরো বলেন, প্রতিবেশী বাংলাদেশকে আমরা (ভারত) গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। কেননা দেশটি আমাদের একেবারেই ঘনিষ্ঠ। তাছাড়া দেশটির স্বাধীনতায় আমরা রক্ত দিয়েছি।
এসময় অন্যদের মধ্যে তার সফরসঙ্গী ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





