রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদে আগামী ২ মে সোমবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।
বুধবার সন্ধ্যা ৭টায় এক সভায় রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এ কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে রাবি অধ্যাপক হত্যার প্রতিবাদে আগামী ২ মে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন।
এর মধ্যে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতিবাদ সমাবেশ করবে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এছাড়া শান্তনু আরও বলেন, ৩ মে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাবিতে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আন্দোলন শেষে তারা সবাই নিহত অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সঙ্গে দেখা করবেন।
৩ মে তাদের আলটিমেটামের শেষ দিন, তাই অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার দোষীদের চিহ্নিত ও গ্রেফতার অগ্রগতি জানতে রাবি ভিসির সঙ্গে দেখা করবেন। সেখানকার পরিস্থিতি বুঝে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
এছাড়া ৪ মে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও রাবি শিক্ষক সমিতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহ আজম শান্তনু বলেন, আমরা আন্দোলন থেকে কখনও সরে যাইনি। আমরা সাত দিনের আলটিমেটাম দিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে আন্দোলনকে আরও বেগবান করার চেষ্টা করেছি। সে ক্ষেত্রে আমরা অনেকটা সক্ষমও হয়েছি। আমরা আলটিমেটামের সিদ্ধান্তের আগেই আন্দোলনে ফিরে এসেছি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে থাকব।
গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরের শালবাগান এলাকার নিজ বাসার অদূরে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজও শিক্ষক শিক্ষার্থীসহ কয়েকটি সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এইচ ই





