শরীয়তপুরের সদর উপজেলায় পুলিশে সঙ্গেকথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে।
রোববার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার দেওভোগ গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্য্যমনি গ্রামের জাহাঙ্গীর আকন (৪০) ও মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামের রাসেল হাওলাদার (৩২)।
পুলিশ জানায়, ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ দেওভোগ এলাকায় ১৩ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর ও রাসেল ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মনিরুজ্জামান বলেন, “ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয়। এসময় আমাদের তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।”
এমবি





