ডিবি পুলিশ পরিচয়ে গাজীপুরের বিশ্বরোড সংলগ্ন জাজার এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা ছিনতাই হয়েছে।
বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক সাড়ে ৯টায় নরসিংদীর ঘোড়াশাল ব্রিজ থেকে ছিনতাইকারীদের গাড়িটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাড়িতে পুলিশের ব্যবহৃত একটি ওয়ারলেস ফোনসেট পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়,গাজীপুর বিশ্বরোড সংলগ্ন জাজার এলাকায় অবস্থিত নার সুয়্যেটার ফাক্টরির কর্মকর্তারা শ্রমিকদের বেতন দিতে ৭২ লাখ টাকা নিয়ে গাড়িতে করে ফ্যাক্টরিতে আসছিলেন। ফাক্টরির কাছাকাছি আসলে রাত আনুমানিক ৮টার সময় একটি মাইক্রোবাস টাকাবাহী ওই গাড়িটির গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকা ছিনতাই করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
ঘটনার পর গাজীপুর পুলিশ জেলার সব সীমান্তে বিশেষ সতর্কতা জারি করে। পুলিশের তৎপরতা দেখে ছিনতাইকারীরা ঘোড়াশাল ব্রিজে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, ছিনতাইকারীরা টাকা ছিনতাইয়ের সময় যে গাড়িটি ব্যবহার করেছিলেন সেই গাড়িটি উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের আটকে বিশেষ অভিযান চলছে বলেও জানান ওসি।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এমআর





