কক্সবাজারে মাছ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলায় তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সি ফুডসে মাছ সাপ্লাই দিয়ে ফেরার পথে হমলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার খুরুশ্কুল ইউনিয়নের মেহেদীপাড়া গ্রামের মো. কালুর ছেলে আলী আহমদ সওদাগর (৫৫) ও একই ইউনিয়নের পেচারঘোনা গ্রামের নুরুল হুদার ছেলে শাহাবুদ্দিন (৩৫) এবং শহরের ঘোনাপাড়ার অভিনাশ দাশের ছেলে রতন দাশ (৪৫)।

আহতরা জানান, তারা সদর উপজেলার পাওয়ার হাউজের কক্সবাজার সি ফুডসে মাছ সাপ্লাই দেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে মাছ দিয়ে টমটম নিয়ে বাড়ি ফিরছিলেন। তাদের টমটমটি শহরের বাজারঘাটা এলাকায় পৌঁছালে মুখবাঁধা অবস্থায় আগ্নেয় ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

এসময় মুখোশধারীদের গুলিতে দুইজন ও ছুরিকাঘাতে একজন আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মুখোশধারীরা পালিয়ে যায়। বর্তমানে আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

কেএইচ