পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে এই অভিযান চালিয়ে অস্ত্র কারখানার সন্ধান পায় পুলিশ। আটককৃত ওই গ্রামের শাহজাহান মালিকের ছেলে রেজাউল করিম (৩৮)। পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এই তথ্য জানান।

 পুলিশ সুপার বলেন, পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পাবনা সদর উপজেলার গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে। এমন তথ্যের উপর ভিত্তি করে দুপুর ১২ টার দিকে সেখানে পুলিশ সদস্যরা ঘিরে রাখে।

পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করা অবস্থায় রেজাউল করিমকে আটক করা হয়। এ সময় প্রায় ৫০টি অর্ধ সম্পূর্ণ রিভলভার, লেদ মেশিন, টুল বক্সসহ বিপুল পরিমান অস্ত্র তৈরীর সরঞ্জামাদি জব্দ করা হয়।

এ সময় আটককৃত রেজাউল করিম সাংবাদিকদের জানান, ২০১০ সলে মালয়েশিয়া থেকে ফিরে এসে পাশ্ববর্তী দেশ ভারত থেকে একটি অস্ত্র’র নমুনা সংগ্রহ করে। তারপর সেই নমুনা মোতাবেক এই অস্ত্রগুলো তৈরি করে।

পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, সে দীর্ঘদিন ধরে বানিজ্যিক ভাবে অস্ত্র তৈরি করে আসছিল।সে মূলত পেশাদার অস্ত্র তৈরির কারিগর। আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

রাকিবুল হাসান/নাজিব