ঘূর্ণিঝড় মোরার প্রভাবে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকায় গত তিনদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঘরবাড়িসহ ফসলি জমি কয়েক ফুট পানিতে ডুবে গেছে। ভেসে গেছে রাস্তা-ঘাটসহ ঘেরের মাছ।
জেলার কমলনগর ও রামগতির বাদাম, সয়াবিন ও আউষ ধানের ক্ষেত পানিতে ডুবে গেছে। এসব ফসল এখনো পানির নিচে। লাখ লাখ টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চাষীরা।
এছাড়াও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্নাঞ্চল ছাড়াও টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌর শহরের মোবারক কলোনি, শেখ রাসেল সড়কসহ কয়েকটি রাস্তাঘাট ডুবে গেছে।
এদিকে গত বৃহস্পতিবার কমলনগরে বৃষ্টিপাতের সাথে সাথে বজ্রপাতে একই পরিবারের দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুজন। আহতদের উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এমএনজে





