বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগের।

বুধবার (২৯ এপ্রিল) দেশের করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এই তথ্য তুলে ধরেন।

ডা. নাসিমা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট সাত হাজার ১০৩ জনের শরীরের এই ভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন নিয়ে দেশে মোট ১৬৩ জন করোনায় মারা গেছেন বলেও তিনি জানান।

মৃত্যুর তথ্য বিশ্লেষণে তিনি বলেন, আমাদের বেশিরভাগ মৃত্যু ঢাকা বিভাগে। করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে যত মানুষ মারা গেছেন, তাদের মধ্যে ১৩৭ জন ঢাকা বিভাগের। এমনকি বুধবার যে ৮ জন মারা গেছেন, তাদের মধ্যে ৬ জনও ঢাকার বলে জানান তিনি।

গত ০৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানানো হয়।
এমবি