ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, পাঁচটি বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত একটি টেলিকম অপারেটর কোম্পানি নিয়ে কাজ করতে গিয়ে ঘুষের ব্যাপারে নো মার্সি।

দায়িত্ব বুঝে নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মন্ত্রণালয়ে কোনো উপহার প্রবেশ করতে পারবে না।

বড় জোর কেউ ফুল নিয়ে আসতে পারেন। তবে বাসায় কোনো প্রাইভেট কোম্পানিও যেন ফুল নিয়ে যেতে না পারে।

তিনি নিজে ঘুষ নেন না। তার নাম ভাঙিয়ে যেন কেউ অন্যায়ের সুযোগ নিতে না পারে, সে জন্য কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেন তারানা হালিম।

এ বিষয়ে প্রমাণ পেলে সরাসরি থানায় দেবেন, বলেন প্রতিমন্ত্রী তারানা হালিম।

অবৈধ ভিওআইপি’র বিরুদ্ধে কঠিন ও কঠোরতম পদক্ষেপ নিতে হবে বলে হুঁশিয়ারি দেন নতুন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসা যেন একটিও না হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমি যেন বলতে পারি, এই মন্ত্রণালয় সাকসেসফুল (সফল)। ডেডিকেটেড অ্যান্ড অনেস্ট (আত্মনিবেদিত এবং সৎ)।

নিজে ঘুষ নেন না জানিয়ে নতুন এই প্রতিমন্ত্রী বলেন, আমি ঘুষ নিই না। ঘুষ দেইও না। ঘুষের ব্যাপারে নো মার্সি (ঘুষের বেলায় কোনো মাফ নেই)।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্যার, আমাদের টিম ভালো। লিডারও ভালো পেয়েছি। আশা করি, ভালো খেলবো।

এসএইচ