উপ-নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুরের চর ভদ্রাসন থানায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার নোয়াবুল ইসলাম এই মামলা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন খানম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গতকাল (বুধবার) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি কে এম নুরুল হুদা বলেন, “ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন সাহেবের বিরুদ্ধে মামলা করব। হয়তো আজ বা কালকের মধ্যে থানায় মামলা রজু হয়ে যাবে। নির্বাচন বিধিবহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে আলামত আছে যথেষ্ট, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যে রকম পাবে, সে রকম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” তিনি বলেন, “আরেকটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে, সেগুলো নিয়ে। অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী কথা বলেন, “আমি ইউএনওকে ফোন করেছিলাম। কিন্তু আমি তাকে শুধু জানাতে ফোন করেছিলাম যে, আমার একজন কর্মী মাঠে দাঁড়ায়া সিগারেট খাচ্ছিল। এজন্য ম্যাজিস্ট্রেট এবং বিজিবি দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। সেই বিষয়টি জানানোর জন্য আমি তাকে ফোন করেছিলাম। কিন্তু বাকি যে অংশ আছে সেই অংশটা কিন্তু সুপার এডিট করা হয়েছে।”
নিক্সন চৌধুরী বলেন, “আমি যদি কোনো আইন ভঙ্গ করে থাকি অবশ্যই আমার বিরুদ্ধে মামলা হবে। কিন্তু আমার একার বিরুদ্ধে মামলা হবে কেন? আইন তো ডিসিও ভঙ্গ করেছেন।”
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন নির্বাচন চলাকালে এক কর্মীকে আটক করায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করে কতর্ব্যরত এক ম্যাজিস্ট্রেটকে নিক্সন চৌধুরী গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। তেমনই একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমবি





