লালমনিরহাটে তীব্র শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আমেনা বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার রাতে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেওয়া লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের মৃত জব্বার আলীর স্ত্রী।

মোঘলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, রাতে প্রচণ্ড শীত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন ওই বৃদ্ধা। হঠা‍ৎ অসাবধানতাবশতঃ তার শরীরে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃতের ছেলে আনছার আলী মুন্সী জানান, প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় তার মা শীত নিবারণে প্রায়ই খড়কুটোয় আগুন জ্বালিয়ে আগুন পোহাতেন।

জেএ