দুর্ঘটনা এড়াতে যারা ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

রোববার বেলা ১২টা দিকে বনানী ১১ নম্বর রোডস্থ চেয়ারম্যান বাড়ি এলাকায় ডিএমপি এবং পারফেক্ট্রি ব্যান মেলে (পিভিএম) এর উদ্যোগে দুই দিন ব্যাপী জনসচেতনতা মূলক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

কমিশনার বলেন, নগরে যারা থাকেন তাদের নগর সংস্কৃতি সম্বন্ধে জানা উচিত। যারা গাড়ি নিয়ে বের হন তাদের ট্রাফিক আইন মেনে চলা উচিত। কোথায় গাড়ি আস্তে চালাতে হবে, কোথায় গাড়ি থামাতে হবে এগুলো জেনে মেনে চলা উচিত। ট্রাফিক আইন না জানার কারণে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এছাড়া রাস্তায় লক্ষ্য করে দেখা যায়, সড়কে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও নাগরিকরা এসব ব্যবহার করে না। ফলে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা।

যারা এগুলি ব্যবহার করেনা তাদের উদ্দেশে তিনি বলেন, যারা দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি সকলকে সচেতন হয়ে চলার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ডিএমপি কমিশনারের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, রাস্তায় বের হয়ে অসচেতনভাবে চলার কারণে প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয়। সড়ক দুর্ঘটনায় ৪৯% পথচারী মারা যায়। এ জন্য সবার সচেতন হওয়া দরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ ও সরকারি-বেসরকারী অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই