ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কর্পোরেশনের আওতাধীন সকল স্থাপনায় ডিজিটাল নম্বর প্লেট বসানো এবং ডোর টু ডোর হোল্ডিং জরিপ (কাউন্ট) কার্যক্রম শুরু করেছে।
আজ সোমবার দুপুরে প্রশাসক মোঃ ইব্রাহীম হোসেন খান কর্পোরেশনের অঞ্চল-২ এর আওতাধীন ১নং ওয়ার্ডের ১নং রোডের ১৫১/২/২৬ নং হোল্ডিং “মাতৃকুঞ্জ” বাড়ীর মালিক সৈয়দা জাকিয়া আসমার হাতে ডিজিটাল নেমপ্লেট তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল, আঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা শাহনাজ দিলরুবা খানসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসক মোঃ ইব্রাহীম হোসেন খান ভয়-ভীতি ও সকল প্রলোভনের উর্ধ্বে উঠে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। একইসঙ্গে নগরবাসী তথা বাড়ীর মালিক এবং গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন তিনি।
তিনি বলেন, ডোর টু ডোর হোল্ডিং কাউন্ট ও ডিজিটাল নম্বর প্লেট বসানো কার্যক্রম শেষ হলে সংস্থার রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং নগরবাসীকে আরও বেশী উন্নত সেবাদান সম্ভব হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনছার আলী খান বলেন, প্রতিটি হোল্ডিংকে এ গননা কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যেই হোল্ডিং গননা ও ডিজিটাল নেমপ্লেট বসানো কার্যক্রম শেষ হবে বলে কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল হক জানিয়েছেন।
ঢাকা, একে, ২১.জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





