রাজশাহীর বাগমারায় আব্দুর রাজ্জাক (৪২) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার যোগিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে গত ছয় দিনে বাগমারায় ১০ জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।
পুলিশের ভাষ্য, আব্দুর রাজ্জাক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। পুলিশের বিশেষ শাখার তালিকায় ৮৭ নম্বরে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। তিনি সক্রিয় জেএমজেবি সদস্য।
২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জঙ্গি সংগঠনে যোগ দেন আব্দুর রাজ্জাক। ওই সময় জঙ্গি কর্মকাণ্ডে জড়ান তিনি। তার বিরুদ্ধে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এমএনজে





