রাজধানীর বারিধারা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ (রোববার) বারিধারার জে ব্লকের ৮ নম্বর রোডে পরিত্যক্ত অবস্থায় গাড়িগুলো পাওয়া যায়।

এর মধ্যে দুটি সেডান ও দুটি জিপ গাড়ি। সেডান গাড়িগুলো হলো অডি এ৫, মার্সিডিজ ই২৪০। দুটি জিপের একটি মার্সিডিজ এমএল ৩৫০ এবং অন্যটি বিএমডব্লিউ এক্স৫। শুল্ক গোয়েন্দা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ক গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক বিশেষ অভিযানের কারণে এসব গাড়ি ফেলে রাখা হয়েছে। গাড়িগুলো বারিধারায় স্বদেশ মটরস নামের একটি গ্যারেজে মেরামতের জন্য আনা হয়েছিল।

কিন্তু পরে আর কেউ নিতে আসেননি। এরপর গাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একটি মার্সিডিজ জিপে অন্য একটি গাড়ির নম্বর প্লেট (ঢাকা মেট্রো ঘ ১১-৮০৮৯) যুক্ত অবস্থায় পাওয়া যায়।

অন্য গাড়ির কোনো নম্বর প্লেট নেই। তত্ত্বাবধানকারী স্বদেশ মটরস থেকে তথ্য নিয়ে মালিকদের খোঁজা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এসএম