রাজশাহীর বাঘা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার। ১৪৪ ধারা বলবৎ থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। একটি পক্ষ ভূয়া ভোটার তৈরির অভিযোগে নির্বাচনে সহিংসতা হতে পারে বলে সোমবার এমন একটি লিখিত অভিাযোগ থানায় দেন।
এরপর চলমান হরতাল-অবরোধসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
ওসি আরো বলেন, ‘বিষয়টি স্থানীয়দের অবগতির জন্য মাইকিং করা হয়েছে। সহিংসতা এড়াতে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ নিয়ে দুপুর পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি।
জেআই





