সাতক্ষীরা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগ ও অন্যান্য মামলায় জামায়াত-শিবির কর্মীসহ ৯৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ওসি শেখ এমদাদ হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের পাঁচ কর্মী রয়েছে।
অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
অন্যদিকে ঝিনাইদহের ছয় উপজেলায় শনিবার সন্ধ্যায় থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছে এমন আশংকায় হরিণাকুন্ডু উপজেলা থেকে এক জামায়াত কর্মীকে আটক করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। সে সময় হরিণাকুন্ডু উপজেলা থেকে আরো একজন, শৈলকুপা উপজেলা থেকে চার জন,
সদর উপজেলা থেকে পাঁচজন, কালীগঞ্জ থেকে আটজন, কোটাচাঁদপুর থেকে তিনজন ও মহেশপুর উপজেলা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এআর





