রাজশাহীর গোদাগাড়ীতে তিন কেজি দুইশ' গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেড়িপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- গোদাগাড়ী উপজেলার সারাংপুর ভেড়িপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম গাড়ু (৪৩) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে তাজিমুল ইসলাম (২৮)।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) মুকুল জ্যোতি চাকমা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী সারাংপুর ভেড়িপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে। এসময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছে থেকে তিন কেজি দুইশ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রাজশাহী সদর-এ-সার্কেলের পরিদর্শক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
উদ্ধার করা হেরোইনের বর্তমান মূল্য প্রায় তিন কোটি টাকা বলেও জানান তিনি।
কেএইচ





