কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হাবিব উল্লাহ হাবিব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ (১ ডিসেম্বর) শনিবার ভোর ৫টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর পুরানপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত হাবিব উল্লাহ হাবিব ওই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাবিব উল্লাহকে আটকের পর টেকনাফের বাহারছড়া শাপলাপুর পুরানপাড়া এলাকায় অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে আহতবস্থায় হাবিবকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

প্রদীপ কুমার দাশ জানান, এই ঘটনায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় তৈরি বন্দুক ও ১৪টি তাজা কার্তুজ।

আহত পুলিশ সদস্যরা হলেন-টেকনাফ থানা পুলিশের এসআই রাজু, কনস্টেবল জিয়া ও বাদশা।

এমবি