টাঙ্গাইলে খাদ্যে বিষক্রিয়ায় জমেলা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জমেলা খাতুন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লি গ্রামের বাসিন্দা।
অসুস্থরা হলেন- মৃত জমেলার মেয়ে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), তার দুই নাতনী রেখা আক্তার (২৬) ও তানিয়া আক্তার (২২)।
এলাকাবাসী জানান, মঙ্গলবার জমেলা খাতুন তার মেয়ের বাড়ি পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামে যান। সেখানে রাতে সেহরি খাওয়ার সময় বাজার থেকে কেনা আম দিয়ে দুধভাত খান। খাওয়ার পরপরই তারা চারজন অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে জমেলা মারা যান।
লাউহাটি গ্রামের ইউপি সদস্য বিপ্লব হোসেন খান জানান, বাজার থেকে কেনা আম খেয়ে তারা অসুস্থ হন। এ ঘটনায় একজনের মৃত্যুর খবরে তিনিসহ এলাকার অনেকেই আম খাওয়া বাদ দিয়েছেন।
দেলদুয়ার থানার অফিসার ইন চার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, ওই চারজন আম দিয়ে দুধভাত খেয়ে অসুস্থ হওয়ার পর একজন মারা যান। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজমুল হক ভূঁইয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক পবিত্রা শারমিন আনমনা জানান, ওই চারজন আননোন পয়জনিংয়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজন সুস্থ হওয়াতে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।
কেএইচ





