৩৭তম বিসিএসে নন-ক্যাডার থেকে প্রায় সবাই নিয়োগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিএসসি চেয়ারম্যান। 

৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন-ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়। এ প্রসঙ্গে মোহাম্মদ সাদিক বলেন, ‘পিএসসির হাতে আসা সব শূন্য পদে নিয়োগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘ক্রমান্বয়ে শূন্য পদে নিয়োগ দেয়া হবে। এরইমধ্যে একটি তালিকা প্রকাশ করেছি। ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের আগ পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে। আশা করছি, নন-ক্যাডার থেকে প্রায় সবাই নিয়োগ পাবেন।’

৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে ১ হাজার ২২৬ জনের কথা থাকলেও ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, শিক্ষায় ২১০ জন, সহকারী সার্জন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। এছাড়া অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন। 

এর আগে গেল ১৩ মার্চ পিএসসি ৩৭তম বিসিএসের নন–ক্যাডার থেকে প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করে। এতে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করা হয়। 

তবে নন-ক্যাডারদের নিয়োগের ব্যাপারে কিছু প্রতিবন্ধকতা থাকার বিষয়টি উল্লেখ করে বিপিএসসি চেয়ারম্যান বলেন, ‘আমরা চাইলেই সব সময় সবাইকে নিয়োগ দিতে পারি না। কোনো পদের জন্য বিজ্ঞান থেকে পাস করা প্রার্থী দরকার হলে সেখানে তো আর সমাজবিজ্ঞানের প্রার্থীকে নিয়োগ দেয়া সম্ভব নয়। ফলে শর্ত না মেলার কারণে কিছু প্রার্থী বাদ পড়ে যান।’

এসএম