রাজশাহীর ট্রাফিক অফিসের সামনে জয়কুমার (২৫) নামের এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে হেলমেট ছিনিয়ে নিয়ে গেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
কালো টি-শার্ট ও লুঙ্গি পরা ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে তিনি কোন জঙ্গি সংগঠনের সদস্য কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, কাশিয়াডাঙ্গা চেকপোস্ট থেকে একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক অফিসে ফিরছিলেন কনস্টেবল জয়কুমার। পরে ট্রাফিক অফিসে প্রবেশের সময় গেইটে তাকে দা দিয়ে কোপ দেন এক ব্যক্তি। পরে তার কাছে থাকা একটি লাল হেলমেট নিয়ে পালিয়ে যান তিনি।
রুহুল কুদ্দুস বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসএম





