এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার রাতে ডিবি উত্তর বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী থেকে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকাসহ তিনটি বোর্ডের অধীনে রোববার অনুষ্ঠিত গণিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। প্রশ্ন ফাঁসের এ অভিযোগ স্বীকার করেছেন স্বয়ং ঢাকা বোর্ডের চেয়ারম্যানও। 

এরপর সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,রোববার অনুষ্ঠিত গণিত (আবশ্যিক) পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণিত হলে এই পরীক্ষা আবারও নেয়া হতে পারে। 

শিক্ষামন্ত্রী বলেন, গত দু-তিন বছর ধরে কোনো প্রশ্ন ফাঁস হয়নি। কিন্তু এখন তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে। সব দিক বন্ধ করে শিক্ষকদের হাতে প্রশ্ন তুলে দিয়েছি। এখন সেখান থেকে প্রশ্ন ফাঁসের অভিযোগ আসছে। আমরা বরদাস্ত করবো না। দোষীদের ধরবোই। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী এ নিয়ে কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

নাজিব