বান্দরবানের রুমা উপজেলায় দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
শনিবার (০৪ জুলাই) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান কোর্ট পুলিশ পরিদর্শক মো: মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রুমা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার থোয়াই হ্লাচিং এর ছেলে ক্যসিং থোয়াই মার্মা (৩০) ও থোয়াই বাই অং মার্মা (৩৬) এই দুই ভাইকে একই এলাকার বাসিন্দারা গণধোলাই দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় ক্যসিং থোয়াইয়ের স্ত্রী মেথেচিং মার্মা বৃহষ্পতিবার (০২ জুন) রুমা থানায় একটি জোড়া খুনের মামলা করলে পাহাড়ি এলাকার হ্লাচিং পাড়া থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
মনিরুল ইসলাম বলেন, “১২ জন আসামিকে রুমা থানা পুলিশ কোর্টে প্রেরণ করে। এদের মধ্যে ৮ জন ফৌজদারি কার্য বিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। দুজন আসামি স্বীকারোক্তিমূলক কোনও জবানবন্দি দেয়নি। এছাড়া দুজন মেয়ে থাকায় তাদের থানা থেকে প্রেয়ার না দেওয়ায় জবানবন্দি নেওয়া হয়নি। তবে ১২ জনকেই আদালত জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দিলে তাদের হাজতে পাঠানো হয়।”
গ্রেফতারকৃতরা হলেন- শৈইসিং থোয়াই মার্মা (২৩), শৈনুমং মার্মা (২০), মংনু মার্মা (৪১), ক্যনুচিং মার্মা (২৯), থোয়াই সা মার্মা (৪৫), মংহাই মার্মা (৫৫), উচিমং মার্মা (৫০), থুসেই মার্মা (৩৫), মংবাচিং মার্মা (৫৫), ফিঞোচিং মার্মা (২৩), বাসিংউ মার্মা (২৮), উক্যহ্লা মার্মা (৩৫), ইউনুংচিং মার্মা (১৯) ও মেলিপ্রু মার্মা (১৮)। তারা সবাই রুমার দুর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার বাসিন্দা।
এমবি





