চাঁপাইনবাবগঞ্জের শিশু কবিতা খাতুন অপহরণ ও হত্যা মামলার দুই আসামীকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কবিতা খানম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর গ্রামের শিহাব রেজা (২৪) ও শংকরবাটি মহল্লার সাগর আহমেদ (২৪)।
আদালত তার রায়ে বলেন, সিহাব ও সাগর ঠাণ্ডা মাথার খুনী। তারা পরিকল্পনা অনুযায়ী মুক্তিপণ আদায়ের জন্য প্রথমে শিশুটিতে অপহরণ করে ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। যেহেতু শিশুটি অপহরণকারীদের পূর্ব পরিচিত ছিল, তাই মুক্তিপণ আদায়ের পর তাকে ছেড়ে দিলে সে তাদের পরিচয় বলে দিতে পারে। সে কারণে অপহরণের পরই শিশু কবিতাকে হত্যা করে সিহাব ও সাগর।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট পৌর এলাকার কালিগঞ্জ-ফুলবাগান মহল্লার কোরবান আলীর চার বছরের মেয়ে কবিতা খাতুনকে অপহরণ করে আসামীরা। ওই দিনই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হলেও কবিতার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কবিতার বাবা বিষয়টি র্যাবকে জানালে, ৪ সেপ্টেম্বর শিহাব ও সাগরকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতেই পোলাডাঙ্গা এলাকার একটি চাতালের পাশ থেকে কবিতার গলিত লাশ উদ্ধার করা হয়।
জেআই





