চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ নব্য জেএমবির তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫।
রোববার ভোর চারটার দিকে উপজেলার বাবলাবোনা এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- জেলারুল ইসলাস (২৫), গোলাম রসুল (৫০) ও মোহাম্মদ ইসলাম (৭০)। আটক তিনজনই নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, নাশকতার উদ্দেশ্যে নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের ১৫/২০ সদস্য ওই এলাকার একটি আম বাগানে গোপন বৈঠক করছে- এমন খবরে ভোরে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে সেখান থেকে এক কেজি ১০০ গ্রাম গান পাউডার, একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও জিহাদি বই জব্দ করা হয় বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
জেড





