নারায়ণগঞ্জে চ্যানেল টোয়েন্টিফোরের স্থানীয় প্রতিনিধির স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের অভিযোগে একটি ফাস্ট ফুড দোকানের চার কর্মচারীকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ তালুকদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোববার বিকালে চারজনকে এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— সোহেল, মুসা, মাসুম ও সোহেল (২)।
চ্যানেল টোয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি আহসান সাদিক শাওন জানান, স্ত্রীকে নিয়ে শনিবার রাতে তিনি শহরের চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে ফেয়ারলী প্লেসে খেতে যান। এ সময় দোকানের কর্মচারীরা ইভটিজিং করেন। প্রতিবাদ করায় দোকানের চার কর্মচারী মিলে তাকে মারধর করেন। খবর পেয়ে প্রথম আলোর ফটোসাংবাদিক পাপ্পু ভট্টাচার্য এগিয়ে এলে তাকেও লাঞ্ছিত করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডের থানার এসআই শাহনূর জানান, সাংবাদিকদের মারধর ও ইভটিজিং করার অভিযোগে ফেয়ারলী প্লেসের চারজনকে আটক করা হয়।
কেএইচ





