কদমতলী থানা পুলিশ অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির নাম শাকিরুল (৬ মাস)। একই সঙ্গে অপহরণ ও সহাযোগিতার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তারা হলেন- পপি (২০) ও রুবেল (২৮)।
ডিএমপির মিডিয়া সেল জানায়, গত ২৩ নভেম্বর শিশুটির মা লাইজু বেগম কদমতলী থানায় সাধারণ ডায়েরি করে তার ছয় মাসের শিশু সন্তান শাকিরুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আনুমানিক দুপুর ১২টার দিকে তার ভাড়াটিয়া বাসা কদমতলী থানাধীন ঢাকা ম্যাচ রেললাইন নতুন বাজার থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর থানা পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে।
শিশুটির মা লাইজু বেগম জানান, তার প্রতিবেশী পপি শিশুটিকে অপহরণ করতে পারে। তখন পুলিশ পপিকে আটকের অভিযান শুরু করে। গত ৬ ডিসেম্বর ঢাকা ম্যাচ এলাকা থেকে পপিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পপি জানান, বিউটি নামে এক নারী সহায়তায় শিশুটিকে অপহরণ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার রুবেলের কাছে বিক্রি করার কথা জানায় ।
পুলিশ চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ রুবেলকে আটক করা হয়। তবে বিউটিকে আটক করা যায়নি।
এই ঘটনায় কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেআই





