ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে চাঁদপুরের মেঘনা নদীর ডুবোচরে কয়েকশ’ যাত্রী নিয়ে আটকা পড়েছে দোতলা লঞ্চ সাত্তার খান। শুক্রবার রাত ১০টা থেকে লঞ্চটি আটকা পড়েছে।

লঞ্চযাত্রী অ্যাডভোকেট মজিবর রহমান টোটন শনিবার সকালে মুঠোফোনে জানান, নদীর কোনো কূল কিনারা দেখা যাচ্ছে না। চারদিকে পানি আর পানি। অনেক দূরে কয়েকটি মাছধরা ছোট নৌকা দেখা গেলেও লঞ্চের কাছে কেউই আসছে না।

আরেক যাত্রী অ্যাডভোকেট আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, স্ত্রী-সন্তান নিয়ে তিনি খুব চিন্তিত। আটকে পড়া ডুবোচরে ৩-৪ হাত পানি রয়েছে। লঞ্চটি ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, আটকে পড়া লঞ্চটির অবস্থান নিশ্চিত করে কেউ বলতে পারছে না।

আতঙ্কিত সাধারণ যাত্রীদের ধারণা, চাঁদপুর থেকে ২০-৩০ কিলোমিটার দূরে মেঘনা নদীতে অথবা শরিয়তপুরের নড়িয়া এলাকার আড়িয়াল খাঁ নদীতে সাত্তার খান লঞ্চটি আটকে আছে।

পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য ঢাকা থেকে বিকল্প একটি লঞ্চ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ