মুক্তিযোদ্ধা ভাতা প্রতিমাসে ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব ৬৫ বছর ও তার বেশি বয়সী মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রস্তাব করেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ ও পুনর্বাসনের লক্ষ্যে আমরা নানামুখী কার্যক্রম পরিচালনা করছি।
অর্থমন্ত্রী বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা, চিকিৎসা ও পেনশন প্রদান, সরকারি প্রতিষ্ঠানে চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য কোটা সংরক্ষণ, খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি কার্ড দেওয়াসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে।
তিনি বলেন, বদ্ধভূমি ও গণকবর সংরক্ষণ এবং উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ যাদুঘর ও পাঠশালা নির্মাণ করা হচ্ছে।
কেএইচ





