নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের দুপক্ষের গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন পুকুরপাড় এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরামবাগ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সেলিম পাঠান ওরফে টুন্ডা সেলিমের সঙ্গে ১০নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আমির হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাত ৭ টায় দুজনের সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।প্রায় ১০ মিনিট উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সেলিম পাঠান গুলিবিদ্ধ হন। আহত হন উভয়পক্ষের ১০ জন।
তাদের মধ্যে প্রথম তিনজনকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যার হাসপাতালে আনা হয়।
৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার হাম্মদ আলী জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।
ইআর





