লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারিহাট ইউনিয়নে মেঘনা নদী সংলগ্ন খালে নোঙর করা নৌকা থেকে কবির হোসেন (২১) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌকাটির মাঝি রুহুল আমিনকে (৪৫) আটক করা হয়েছে।

নিহত জেলে কবির হোসেন উপজেলার দক্ষিণ চর ফলকন গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় জেলে জানান, রোববার (১৭ এপ্রিল) রুহুল আমিন মাঝির সঙ্গে নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান কবিরসহ কয়েকজন জেলে। সন্ধ্যায় ফেরার পথে মাঝির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এরপর ভোরে খালে নোঙর করে রাখা নৌকায় কবিরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, সোমবার সকালে হত্যার বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন পালিয়ে যাওয়ার সময় হাজিরহাট বাজার থেকে কবিরের স্বজনরা তাকে আটক করে পুলিশে দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, আটক রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ