দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টঙ্গী প্রতিনিধি শেখ আজিজুল হক (৪০)।
বুধবার রাত পৌনে ৯ টার দিকে দিকে টঙ্গী প্রেস ক্লাব থেকে বাসায় ফেরার পথে চেরাগ আলী মার্কেটের সামনে ১০ থেকে ১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সাংবাদিক আজিজুল হককে। পরে আহতাবস্থায় তাকে প্রথমে টঙ্গী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজিজুল হকের বাসা টঙ্গীর আউচপাড়ার সুলতানা রাজিয়া রোডে। তার পিতার নাম মৃত শেখ সাঈদ আলী।
আহত আজিজুল হক বলেন, কোনো সংবাদ প্রকাশের জন্যই হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গিয়েছি। তবে কারা কী কারণে তাকে হত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এদিকে আজিজুল হকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সাজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েতুল্লাহ।
এআর





