দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে ট্যুর অপারেটররা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।
শনিবার (ফেব্রুয়ারি ২৮) জাতীয় প্রেসক্লাবে টোয়াব আয়োজিত পর্যটন খাতের সামনে চ্যালেঞ্জ সমূহ শীর্ষক গোলটেবিলে এ তথ্য জানানো হয়।
গোলটেবিলে বক্তারা বলেন, টানা হরতাল-অবরোধের কারণে দেশের পর্যটন শিল্প প্রায় পথে বসেছে। বিদেশী পর্যটকরা নিরাপত্তার কারণে এদেশে আসছেন না। তার উপর সরকার পার্বত্য চট্টগ্রামে বর্তমানে পর্যটনের নতুন নিয়ম করেছে। এতে এ খাত অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তারা বলেন, পর্যটন খাতকে রাজনীতির বাইরে রাখতে হবে। এ খাতে এ পর্যন্ত যত আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে। যার মধ্যে রয়েছে-
- প্রকৃত ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান;
- বিনা সুদে ঋণের ব্যবস্থা করা;
- ২০১২-১৫ তিন অর্থবছরের জন্য আয়কর মুক্ত করে দেয়া এবং ব্যাংক সুদ মওকুফ করা;
- ট্যুরিস্ট গাড়ীর জন্য আলাদা কোনো লোগার প্রচলন করা;
- ট্যুরিস্ট র্সম্পকে ধারণা দিয়ে যাতে এই সেক্টরে লোক নিয়োগ দেয়া হয়;
চা-বিরতিতে সুন্দরবন-বান্দরবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানের ডকুমেন্টারি দেখানো হয়।
বক্তারা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সময়মত অনুমতি প্রদানের জন্যও দাবি জানায়। সাথে সাথে দেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল সমূহকে বাধ্যতামূলক পর্যটনকে প্রমোট করার জন্য নির্দেশ দিতে সরকারের প্রতি আহবান জানান।
টোয়াব এর সভাপতি ড: আকবর উদ্দিনের সভাপতিত্বে গোলটেবিলে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাফেউজ্জামান, এস এম হাফিজুর রহমান ফারুক, সাবেক সভাপতি হাসান মনসুর, ফরিদুল হক প্রমূখ।
এমএ/এসএইচ





