বগুড়ার ধুনটে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহায়তা করার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ধুনট এনইউ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে দুই শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান।

বহিষ্কার হওয়া দুই শিক্ষক হলেন- উপজেলার গোসাইবাড়ি এ এ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল সেখ ও সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিমন আকতার।

জানা গেছে, আজ সকালে গণিত পরীক্ষা চলাকালে ১১৬নং কক্ষে দুলাল সেখ ও লিমন আকতার কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন। এসময় তারা দুই পরীক্ষার্থীকে নকল করে লেখার সুযোগ দেন।

বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ওই শিক্ষকদের আটক করে কেন্দ্র থেকে বহিষ্কার করেন।

এমই/জেএইচ