চলমান অবকাশে হাইকোর্টে ১০টি বেঞ্চে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি ও নিষ্পত্তি হচ্ছে।

গত ৩ জুলাই থেকে আগামী ১৯ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এ সময়ের মধ্যে সুপ্রিমকোটের হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য ১০টি অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম চলছে। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

বিচারপতি মো: বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত বিষয়াদী, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি কাজী ইবাদত হোসেন এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি সরদার মো: রাসেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে ভ্যাট, কাস্টমস, ট্যাক্সসহ সকল প্রকার রিট সংক্রান্ত মোকদ্দমা, বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো: খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং আইনের অধীন বিষয়াদীসহ জরুরি ফৌজদারি সংক্রান্ত বিষয়াদি, বিচারপতি আহমেদ সোহেলের একক বেঞ্চে আধিম অধিক্ষেত্রাধীন বিষয়, বিচারপতি শাহেদ নূরউদ্দিনের একক বেঞ্চে দেওয়ানি সংক্রান্ত বিষয়াদি, বিচারপতি মো: আখতারুজ্জামানের একক বেঞ্চে ফৌজদারি সংক্রান্ত বিষয়াদি শুনানি হয়।

এছাড়াও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা ও মো: মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আগামী ১৮ ও ১৯ জুলাই বেলা ১১ থেকে সোয়া ১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইঁয়া (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইনের অধীন বিষয়াদিসহ ফৌজদারি সংক্রান্ত অতীব জরুরি মামলা শুনানি হবে এ বেঞ্চে। হাইকোর্টে বিজয় ৭১ ভবনের ১৫ নম্বর বিচারকক্ষে এ বেঞ্চের বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। সূত্র : বাসস।

এবিএস