খুলনা সিটি কর্পোরেশন- কেসিসির কঞ্জারভেন্সি বিভাগের ৫৫০ জন কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতেই কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত। এ ছাড়াও, কাজটি সফলভাবে সমাপ্ত করতে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে আরো ৬০ জন শ্রমিককে। ইতোমধ্যেই কেসিসির ৩১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৫টি ট্রাক। নগরবাসীকে এ বিষয়ে সচেতন করার জন্য ৩০ হাজার লিফলেটও বিতরণ করা হয়েছে।
কেসিসি সূত্র জানান, নগরীর ৩১টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কঞ্জারভেন্সি বিভাগের ৫৫০ জন কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। তাদের সঙ্গে অতিরিক্ত ৬০ জন শ্রমিককে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োগ দেয়া হচ্ছে। কেসিসির ৩০টি বর্জ্যবাহী ট্রাক এবং স্যাভলন মিশ্রিত পানিবাহী পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য গঠন করা হয়েছে তদারকি দল। তাৎক্ষণিক সহায়তা দিতে কেসিসির কঞ্জারভেন্সি বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ঈদের দিন ভোর ৬টা থেকে কঞ্জারভেন্সি বিভাগের কাজ শুরু হবে। সকাল ৮টার মধ্যে ঝাড়– দিয়ে সকল সড়ক পরিষ্কার করা হবে। ঈদের দিন দুপুর থেকেই কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটানো এবং নগরীর প্রধান সড়কগুলো স্যাভলন মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা হবে।
সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কোরবানী পরবর্তী ২৪ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের টার্গেট রয়েছে। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেসিসির ৪ জন সহকারী কনজারভেন্সি কর্মকর্তার নেতৃত্বে ৪টি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ৩০ হাজার সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়েছে।
এএইচ





