ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌচলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত চলাচল শুরু হয়নি।
রাতে দুই ঘাট থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। আজ ভোর সাড়ে চারটার দিকে কুয়াশা একটু কমে গেলে ফেরিগুলো আবার ঘাটে ফিরে যায়।
এরপর ভারী কুয়াশা পড়তে থাকলে দুই ঘাট থেকেই কোনো ফেরি বা লঞ্চ ছাড়েনি। পারাপারের অপেক্ষায় প্রায় ৪০০ যানবাহন আটকা পড়ে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, কুয়াশা কেটে গেলে আবার ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।
এমকে





