মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর উপর থেকে ৩ বছরের ছেলে শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক মা। শিশুটিকে নদী থেকে জীবিত উদ্ধার করা হলেও মা নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় মেঘনা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, নদীর পাড়ের পাথর ভাঙার শ্রমিকরা প্রথমে মা ও শিশুটিকে নদীতে হাবুডুবু করতে দেখে চিৎকার করতে থাকেন। এক শ্রমিক পানিতে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তিনি ঐ নারীকে উদ্ধার করতে পারেননি। ওই নারী নিখোঁজ রয়েছে। শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গজারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) ফেরদাউস হোসেন জানান, গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজ নারীর সন্ধান করছে।

কেএইচ