ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক ঝগড়ার জের ধরে শশুরকে পিটিয়ে হত্যা করেছেন মেয়ের জামাই। রোববার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও তারাকান্দা থানা পুলিশ জানায়, উপজেলার ঘোষপাড়া গ্রামের হাসিম উদ্দিনের কন্যা মাজেদার (২০) সঙ্গে বিয়ে হয় পাশের পারুলীতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রফিকুল ইসলামের।

কিছু দিন ধরে তাদের মধ্যে পারিবারিক ঝগড়ার সৃষ্টি হয়। এতে মাজেদার স্বামী রফিকুল তার শ্বশুর হাসিম উদ্দিনকে মোবাইলে মেয়েকে বাড়ি নিয়ে যেতে বলেন।

রোববার সকালে মেয়ের বাবা হাসিম উদ্দিন (৫৫) ও ছেলে সাইফুল (২৫), জামাই রফিকুলের বাড়িতে গেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল পিটিয়ে শ্বশুর হাসিম উদ্দিনকে হত্যা করে। এ সময় রফিকুলের স্ত্রী মাজেদা খাতুন ও শ্যালক সাইফুল গুরুতর আহত হন। পরে তাদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তারাকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) আলী আহমদ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তরা গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ